হত্যার আসামির পরীক্ষা নিয়ে বিব্রত কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলার আসামি ও ‘ডিসকলেজিয়েট’ এক ছাত্রের পরীক্ষার ফরম পূরণের জন্য আদালতের নির্দেশ পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পড়েছে। বন্ধুকে খুন করে লাশ গুমের অভিযোগে ওই ছাত্রের বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমানে তিনি আদালত থেকে জামিনে আছেন।
মেডিকেল কলেজ সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজের ওই ছাত্রের নাম সাব্বির হোসেন। একই মামলায় অভিযুক্ত তাঁর সহপাঠী জ্যোতির্ময় সরকারও রয়েছেন। ২০১১ সালের এপ্রিলে মাহাবুব আলম ওরফে রাসেল (২৬) নামে এক বন্ধুকে হত্যার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। এই হত্যাকাণ্ডের সময় তাঁরা কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। তদন্ত শেষে র‌্যাব তাঁদের দুজনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৪ সালের ১২ মে এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এ অবস্থায় আদালতের আদেশ নিয়ে আসামি সাব্বির হোসেন পরীক্ষার ফরম পূরণ করতে এসেছেন।
কলেজ সূত্র আরও জানায়, আড়াই বছর পর এই খুনের মামলার আসামি সাব্বির পরীক্ষার ফরম পূরণ করতে এসেছেন। সাব্বির শেষ বর্ষে ভর্তি হননি। তাঁর কোর্সও শেষ করেননি। একজন ছাত্রের ৭৫ ভাগ হাজিরা থাকতে হয়। তাঁর সেটা নেই। কয়েক মাস আগে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়। সেখান থেকেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এদিকে শনিবার ফরম পূরণের চূড়ান্ত কার্যদিবস পার হয়ে যায়।
কলেজের উপাধ্যক্ষ দায়েম উদ্দিন বলেন, সাব্বির একজন ‘ডিসকলেজিয়েট’। তার পরও যেহেতু তাঁর ফরম পূরণের জন্য আদালতের একটা আদেশ আছে, সে জন্য তাঁরা স্পর্শকাতর বিষয় হিসেবে খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, ‘সিদ্ধান্ত মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলেরই নিতে হবে। কারণ তাঁর ছাত্রত্ব নেই। তাঁকে আগে ছাত্রত্ব পুনরুদ্ধার করতে হবে। উপস্থিতি থাকতে হবে। বিভাগের সবুজ সংকেত থাকতে হবে। এগুলো ঠিক আছে কি না, সে ব্যাপারে একাডেমিক কাউন্সিলই সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে। ছাত্রত্ব না থাকলে তো আমি পরীক্ষার অনুমতি দিতে পারি না।’