
পাবনার ঈশ্বরদীতে যাজক লুক সরকারকে হত্যার উদ্দেশ্যেই তাঁর ওপর হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন এ মামলার মূল আসামি রাকিবুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ তথ্য দেন বলে পুলিশ জানায়।
রাকিবুলের (২২) বিরুদ্ধে হত্যাচেষ্টা ও জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তাঁর বিস্মিত-ব্যথিত মা আজমিরা খাতুনের উদ্যোগে পরিবার তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পুলিশের দাবি, রাকিবুল নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাবনা জেলা কমান্ডার।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) সিদ্দিকুর রহমানের ভাষ্য, পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রাকিবুলকে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। বিচারক রেজাউল করিমের কাছে দোষ স্বীকার করে তিনি জবানবন্দি দেন। এতে রাকিব বলেন, ধর্মপ্রচার বন্ধের উদ্দেশ্যে লুক সরকারকে তাঁরা হত্যার পরিকল্পনা করেন। এ নিয়ে কয়েকজন বেশ কিছুদিন আগে পরামর্শ করেন।
জবানবন্দির উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী গত ৫ অক্টোবর রাকিবুলসহ কয়েকজন লুক সরকারের বাড়ি গিয়ে তাঁর গলায় ছুরি চালান। রাকিবুল তাঁর দোষ স্বীকার করে বিচারকের কাছে ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেন।
এদিকে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পুলিশি হেফাজতে গতকাল দুপুর ১২টার দিকে রাকিবুলকে আদালতে নেওয়া হয়। হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করায় তাঁর বিরুদ্ধে আর রিমান্ড আবেদন করা হয়নি। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আবদুল মালেকের ছেলে রাকিবুলকে ২৮ অক্টোবর টেবুনিয়া বাজার থেকে তাঁর পরিবারের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। পরে পাবনা আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লুক সরকারের দায়ের করা মামলায় পুলিশ ইতিমধ্যে পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকা থেকে সন্দেহভাজন আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে একজন ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যেই রাকিবুলের নাম উঠে আসে।
এদিকে, ঈশ্বরদীর গোকুলনগর ব্যাপ্টিস্ট চার্চের পালক বিধান রায় জানিয়েছেন, লুক সরকার ঈশ্বরদী থেকে চলে গেলেও এখানকার গির্জায় এখনো উৎকণ্ঠা বিরাজ করছে।