নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় ডালিম হত্যা মামলার আসামি নুরে আলম ওরফে রবিন পুলিশের কাছে জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। তবে পরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে। গত ২৯ ডিসেম্বর শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় আনিস মিয়ার বাড়ির ভাড়াটে মো. ডালিমকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ডালিমের মা বাদী হয়ে সিফাত, সাব্বির, আকাশ ও নুরে আলমকে আসামি করে হত্যা মামলা করেন। গত মঙ্গলবার রাতে শহরে অভিযান চালিয়ে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১১) সদস্যরা আসামি নুরে আলম ও আলামিনকে আটক করে। নুরে আলম শহরের ১ নম্বর বাবুরাইল এলাকার মো. সুরুজ্জামানের ছেলে। গ্রেপ্তার দুই আসামি বখাটে ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। মামলার তদন্ত কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তার নুরে আলম পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দিতে স্বীকার করেছে সে (নুরে আলম), সাব্বির, আলামিন ও আকাশ ডালিমের বড় বোনকে উত্ত্যক্ত করত। ডালিম এর প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের সঙ্গে ডালিমের বিরোধ দেখা দেয়। পরে তারা চারজন মিলে ডালিমকে হত্যার পরিকল্পনা করে। ২৯ ডিসেম্বর রাতে তারা বাবুরাইলে ডালিমের বাসায় প্রবেশ করে। নুরে আলম, আল আমিন ও আকাশ ডালিমকে চেপে ধরে। সাব্বির বঁটি দিয়ে ডালিমের গলা কাটে।এসআই জানান, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা বেগমের আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে নুরে আলম ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে। কিন্তু পুলিশের তদন্তে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে ডালিম হত্যাকাণ্ডের মূল হোতা নুরে আলম। পুলিশ ওই হত্যকাণ্ডে ব্যবহূত বঁটিটি উদ্ধার করেছে।