নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ জামিনা আক্তার রিপা হত্যার ঘটনায় দায় স্বীকার করে স্বামী সানি আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
সানির জবানবন্দি অনুযায়ী, গত বৃহস্পতিবার বেলা ১১টায় নাশতা খাওয়ার সময় স্ত্রী জামিনা আক্তারের সঙ্গে ঝগড়া বাধে সানির। পরে তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
বন্দর উপজেলার আলীনগর এলাকার সানি গত সোমবার রাতে থানায় আত্মসমর্পণ করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে সানি উল্লেখ করেন, ১৯ বছর আগে তাঁদের বিয়ে হয়। সংসারে দুই সন্তান রয়েছে।
কয়েক মাস ধরে নিজের হোসিয়ারি ব্যবসায় লোকসান হওয়ায় তাঁর আর্থিক অবস্থা ভালো ছিল না। ঘটনার দিন জামিনা তাঁকে নাশতা দিয়ে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে স্ত্রী তাঁর গায়ে হাত তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে ধরেন। কিছু সময়ের মধ্যে জামিনা মারা গেলে তিনি ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যান।
সানি জবানবন্দিতে উল্লেখ করেন, প্রথমে ঢাকায় পরে কুষ্টিয়ায় গিয়ে তিনি আত্মগোপন করেন। একপর্যায়ে নিজের অনুশোচনা থেকে সোমবার রাতে বন্দরে ফিরে এসে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।