হত্যার কথা স্বীকার করে ছোট ভাইয়ের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে বড় ভাই সোহেল চৌধুরীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ছোট ভাই রায়হান চৌধুরী।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের খাস কামরায় রায়হান ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন।
নগরের কোতোয়ালি থানার রাবেয়া রহমান লেনের একটি বাসায় গত রোববার ছুরিকাঘাতে নিহত হন স্থপতি সোহেল চৌধুরী।
পুলিশ জানায়, রায়হান গত সোমবার রাতে রাজধানীর মতিঝিল পুলিশ বক্সে গিয়ে বড় ভাইকে খুন করার কথা স্বীকার করেন। পরে মতিঝিল থানার পুলিশ তাঁকে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল বুধবার রায়হানকে আদালতে হাজির করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, বড় ভাইকে খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রায়হান চৌধুরী। জবানবন্দিতে তিনি (রায়হান) বলেছেন, বিভিন্ন কারণে শাসন করায় তিনি এ খুনের ঘটনা ঘটিয়েছেন।