হত্যার কথা স্বীকার করে দুই আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা খাতুন
বিনা খাতুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিনা খাতুন নামের এক কিশোরীকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এই ঘটনায় হওয়া হত্যা মামলার দুই আসামি। গতকাল শনিবার তাঁরা শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই দুই আসামি হলেন ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের মো. আমান উল্লাহ (১৮) ও তাঁর সহযোগী একই গ্রামের মো. নূরে আলম (২৮)। জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের দিনমজুর মফিজুল ইসলামের মেয়ে বিনা খাতুন ১৯ জুলাই রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। ২১ জুলাই দুপুরে ঝিনাইগাতী থানার পুলিশ গারো পাহাড়ের শিলঝুড়া খালের সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করে। এ নিয়ে ২২ জুলাই প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
এ ঘটনায় ২১ জুলাই রাতে বিনার মা সবুজা খাতুন বাদী হয়ে আমান উল্লাহসহ পাঁচজনের নামোল্লেখ করে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ আমান উল্লাহ, নূরে আলম, আমান উল্লাহর মা সুন্দরী বেগম এবং দুই সহযোগী নূরে আলম ও হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিনা খাতুন হত্যা মামলায় গ্রেপ্তার আসামি নূরে আলম ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেন, ১৯ জুলাই রাতে তিনি বিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এ সময় আমান উল্লাহসহ তাঁরা পাঁচজন ছিলেন। পশ্চিম বাকাকুড়া গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে বিনাকে ধর্ষণ করা হয়। পরে তাঁরা শ্বাসরোধ করে বিনাকে হত্যা করে মুখে অ্যাসিড ঢেলে দেন। পরে তাঁরা তার লাশ পানিতে ফেলে দেন।
মামলার প্রধান আসামি আমান উল্লাহ তাঁর জবানবন্দিতে বলেন, তিনি বিনাকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কিছুদিন আগে ঢাকার এক ব্যক্তির সঙ্গে বিনার সম্পর্ক গড়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বিনাকে হত্যার পরিকল্পনা করেন এবং সে অনুযায়ী চারজনের সহায়তায় তাকে হত্যা করেন।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার আসামি নূরে আলম ও আমান উল্লাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।