হত্যার ঘটনায় একজনের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে হত্যা ও ডাকাতির দুটি মামলায় সোহেল শেখ (২৬) নামের এক যুবকের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর ডাকাতির পৃথক মামলার রায়ে সোহেল শেখসহ ও তাঁর চার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আদালত হত্যার ঘটনায় সোহেল শেখকে ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ডাকাতির ঘটনায় পৃথক রায়ে সোহেল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড ও তা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দিকে তাঁর চার সহযোগী শুধু ডাকাতির সঙ্গে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে ডাকাতি-সংক্রান্ত মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে শুধু সোহেল শেখ উপস্থিত ছিলেন। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙা গ্রামের আমির আলী শেখের ছেলে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া তাঁর চার সহযোগী পলাতক ছিলেন। তাঁরা হলেন খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার আল আমিন ওরফে তুহিন (২৫), একই জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামের সোহাগ ওরফে জাহিদ (৩০), বটিয়াঘাট উপজেলার গ্রামেরগাঁও গ্রামের মহির শেখ ওরফে নাজমুল (২৭) এবং রূপসা উপজেলার শ্রীরামপুর গ্রামের জসিম (৩৫)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য। ২০১১ সালের ২৯ জুন দিবাগত রাতে তাঁরা পাঁচজন বাগেরহাট-খুলনা মহাসড়কে বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ি বেইলি সেতু এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাই করেন। ওই সময় মোটরসাইকেলের দুই আরোহীকে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালানোর চেষ্টা করেন। আহত ব্যক্তিরা মুঠোফোনে ওই এলাকায় তাঁদের পরিচিতজনকে খবর দিলে স্থানীয় গ্রামবাসী জড়ো হয়ে ঘটনাস্থলের কিছুটা সামনে একই সড়কের মহাদেবের মোড় এলাকায় রাস্তায় ব্যারিকেড দেন। আসামিরা ওই এলাকায় পৌঁছে ভয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন।
গ্রামবাসীর ধাওয়া খেয়ে তাঁরা পার্শ্ববর্তী বড় পাইকপাড়া গ্রামে শাহিন শেখ নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। শাহিন অস্ত্রসহ তাঁদের দেখে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে তাঁকে কুপিয়ে হত্যা করেন সোহেল শেখ। পরে গ্রামবাসী আসামি সোহেল ও তুহিনকে আটক করে পুলিশে দেন। অন্যরা পালাতে সক্ষম হন। ডাকাতি মামলায় গ্রেপ্তার তুহিন পরে জামিন নিয়ে পালিয়ে যান।
হত্যা ও ডাকাতি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বাগেরহাটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী মনোয়ার হোসেন জানান, মোটরসাইকেলের মালিক গৌরাঙ্গ দেবনাথ ওই সময় বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা ও একটি ডাকাতি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ ২০১২ সালের ৩১ মে এই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এপিপি জানান, মামলা চলার সময়ে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।