হত্যার জন্য তাওহীদকে পেটাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নেতা তাওহীদুল ইসলাম হত্যা মামলার আসামি সিলেট মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌমেন দে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার বিকেলে মহানগর আদালতে জবানবন্দি দেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে এ কথা জানান।

এ মামলার তদন্তকাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রথম আলোকে জানান, সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে সৌমেন জবানবন্দিতে বলেছেন, হত্যার জন্য তাওহীদকে তাঁরা কেউ পেটাননি। তাঁর (তাওহীদুল ইসলাম) কাছে সংগঠনের পক্ষ থেকে কিছু টাকা (কত টাকা বলেননি) চাওয়া হয়েছিল। ঘটনার দিন ওই টাকা দেওয়ার কথা ছিল। না দেওয়ায় বিকেলের দিকে তাওহীদুলকে ডেকে ছাত্রাবাসে আনা হয়। ওখানে সবাই মিলে মারধর করি। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে যাই।

হত্যার উদ্দেশ্যে তাঁরা মারধর করেনি জানিয়ে জবানবন্দিতে সৌমেন বলেন, ‘আমরা কেউ-ই তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করিনি।’

পেটানোর বর্ণনা দিয়ে সৌমেন জবানবন্দিতে বলেছেন, তাওহীদুল ইসলামকে পেটানোর সময় তাঁরা ১৫ জন ছিলেন। ১৫ জনের সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। মামলার এজাহারে ওই ১৫ জনের মধ্যে নয়জনের নাম রয়েছে। 

উল্লেখ্য, সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নেতা তাওহীদকে গত বুধবার মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি পক্ষ। এ ঘটনায় পরদিন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেনসহ ১০ জনের নাম উল্লেখ করে নিহতের পক্ষে মামলা হয়। গতকাল শনিবার মামলার আসামি ১০ জনকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হলে রাত সাড়ে ১০টার দিকে পালানোর সময় সৌমেনকে সিলেট রেলস্টেশন থেকে পুলিশ গ্রেপ্তার করে।