হত্যার দশম বার্ষিকীতে গৌতম দাসের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যার দশম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ।

২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো কার্যালয়ে শ্বাসরোধ করে গৌতম দাসকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর প্রতিবাদমুখর হয়ে ওঠে সাংবাদিকসহ ফরিদপুরের সর্বস্তরের জনতা। পরে এ হত্যা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ হস্তান্তর করা হয়। ২০১৩ সালের ২৭ জুন বিচারক শাহেদ নূর উদ্দিন মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। বর্তমানে আটজন আসামি ফরিদপুর জেলা কারাগারে ও একজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

আলোচনা সভায় গৌতমের স্ত্রী দীপালি গৌতমের নামে একটি স্কুল ও শহরের একটি সড়ক নামকরণের দাবি জানান। জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুবুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সংস্কৃতিকর্মী সৌমিত্র মজুমদার, সাংবাদিক হারুন অর রশীদ, পান্না বালা, শফিকুল ইসলাম, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবুল কাশেম, নাট্যকর্মী প্রসেনজিৎ পাল ও কলেজছাত্র মনির হোসেন।

এর আগে গতকাল সকালে গৌতম দাস স্মরণে একটি মৌন মিছিল বের করা হয়। দুপুরে ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামে গৌতমের সমাধিতে ফুল দেন দীপালি দাস, ফরিদপুর প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা ও সমকাল সুহৃদ সমাবেশ।