
কিশোরী ফেলানী হত্যার ন্যায়বিচার ও ক্ষতিপূরণ চেয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করেছেন তার বাবা মো. নুরুল ইসলাম। এ হত্যাকাণ্ডের জন্য ভারত সরকার তথা ভারতীয় জনগণকে তিনি দায়ী করেছেন।
আজ বুধবার ডাকযোগে ভারতীয় হাইকমিশনার ও মানবাধিকার সংস্থার কাছে আবেদনপত্র দুটি পাঠানো হয়। আবেদনপত্রে এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে ভারত সরকার, মানবাধিকার সংস্থা ও জনগণের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
আবেদনে নুরুল ইসলাম লিখেছেন, ‘৭ জানুয়ারি ২০১১ সালে আমার কিশোরী কন্যা ফেলানী খাতুন বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নং ৯৪৭ সন্নিকটে ভারতীয় বিএসএফ সদস্যের গুলিতে নিহত হয়। সে নিরস্ত্র সাধারণ বাংলাদেশি নাগরিক। বিএসএফ সদস্যরা স্বল্প দূরত্ব থেকে আমার উপস্থিতিতে গুলি ছুড়লে সে ঘটনাস্থলে নিহত হয়।
‘এ ঘটনার দীর্ঘ দুই বছর আট মাস পর ভারতের কোচবিহারে বিশেষ আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্যের বিচার শুরু হয়। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আমি মানবাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাসী একজন মানুষ। তাই বিশ্বাস করি আমার কন্যা হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। আমি আশা করব ভারত সরকার তথা ভারতীয় জনগণ এ ব্যাপারে উদ্যোগ নেবেন।’
চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি আমার কন্যা হত্যাকাণ্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিএসএফ) সরাসরি জড়িত। সে কারণে এর দায় ভারত সরকার তথা ভারতীয় জনগণের। উভয়ের কাছে আমার দাবি, আমার নিরীহ নিরস্ত্র কন্যা ফেলানী খাতুনের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিতকরণে যথাযথ ব্যবস্থা নেবেন এবং অকালমৃত্যুর শিকার আমার কন্যার উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’
আবেদনের অনুলিপি ভারতের পশ্চিম বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) নির্বাহী পরিচালক কিরিটি রায় ও বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামালের কাছে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে আসকের দুই কর্মকর্তা টিপু সুলতান ও আবু আহাম্মেদ ফয়জুল কবির জানান, গতকাল মঙ্গলবার ফেলানীর বাড়িতে গেলে তাঁদের কাছে পত্রটি দেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। আগামীকাল বৃহস্পতিবার নির্বাহী পরিচালকের কাছে পত্রটি হস্তান্তর করা হবে।