বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্র জাহিদ হাসান ওরফে জয় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বড় ভাই আল ফারুক ওরফে জেমস ও সহযোগী সুজন মাহমুদ ওরফে সৌরভ।
বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল কালাম আজাদের আদালতে হাজির করার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা হত্যার দায় স্বীকার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়ার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান সরদার অভিযুক্ত ব্যক্তিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে বড় ভাই আল ফারুক স্বীকার করেছেন, কিছুদিন আগে তাঁদের বাবা ছোট ভাই জাহিদকে সম্পত্তি লিখে দেওয়ার কথা বলেন। এতে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয় মনের মধ্যে। তা ছাড়া বারণ করা সত্ত্বেও কিছুদিন আগে জাহিদ অপছন্দের পরিবারের মেয়েকে বিয়ে করেন। এই দুই বিষয় নিয়ে কিছুদিন আগে পরিচয় হওয়া সুজনের সঙ্গে পরামর্শ করেন। সুজন ছোট ভাইকে হত্যার পরামর্শ দেন। পরে হত্যার জন্য সুজনকেই ভাড়া করেন তিনি। পরিকল্পনামতো রোববার সন্ধ্যায় ছাত্রাবাস থেকে ঠনঠনিয়া এলাকায় ডেকে নিয়ে মাইক্রোবাসে তুলে নেন জাহিদকে। গাড়িতে তোলার পর আমের রসের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়। এরপর সুজন পেছন থেকে গামছা দিয়ে স্বাসরোধে জাহিদকে হত্যা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, সহযোগী সুজনও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে প্রায় অভিন্ন স্বীকারোক্তি দেন। সুজন জানিয়েছেন, জাহিদকে হত্যার পর তাঁর মুঠোফোন এবং সঙ্গে কিছু টাকা দেওয়ার কথা ছিল আল ফারুকের। এসবের লোভে তিনি জাহিদকে স্বাসরোধে হত্যা করেন। তবে মাইক্রো থেকে লাশ ফেলে দেওয়ার পর আল ফারুক ছোট ভাইয়ের ওপর দিয়ে আরেক দফা গাড়ি চালিয়ে দেন। স্বীকারোক্তি দেওয়ার পর আল ফারুক, সহযোগী সুজন ও মাইক্রোবাসের মালিক আবদুল মান্নানকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। জাহিদ হত্যার ঘটনায় সোমবার চাচা নুর ইসলাম বাদী হয়ে শাহাজাহানপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখানো হয়। জাহিদ হাসান নওগাঁর রানীনগর উপজেলার দুধিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আমাদের আদমদীঘি প্রতিনিধি জানান, সোমবার বিকেলে নওগাঁর রানীনগর উপজেলার দুধিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে জাহিদ হাসানের মরদেহ দাফন করা হয়।