চট্টগ্রাম নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবলের নিহতের ঘটনায় গ্রেপ্তার আসামি মো. সোহেল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে আরও ছয়জন অংশ নেয় বলে তিনি জবানবন্দিতে উল্লেখ করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় মহানগর হাকিম নূরে আলম ভূঞার খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন সোহেল।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আলম ভূঞা প্রথম আলোকে বলেন, ‘আসামি সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেয় বলে জবানবন্দিতে তিনি স্বীকার করেন। ছিনতাইকারীদের ধাওয়া করায় পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করে। জবানবন্দি নেওয়ার পর সোহেলকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।’
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে সোহেল উল্লেখ করেন, চাপাতি দিয়ে পুলিশ সদস্যদের তিনি কুপিয়েছেন। প্রথমে তাঁরা চারজন ছিলেন। পরে অন্যরা এসে পুলিশ সদস্যদের কোপায়। ছিনতাইয়ে বাধা দেওয়ায় পুলিশকে কোপানো হয়।
রক্তমাখা ছোরা উদ্ধার
চট্টগ্রাম নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে পুলিশ খুনের ঘটনায় গতকাল বুধবার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই
আসামির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নগর যুবদলের এক কর্মীর বাসা থেকে গতকাল রক্তমাখা ছোরা উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মিন্টু দাস। নগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি পুলিশের সহযোগিতায় গতকাল দুপুরে ডিসি হিল এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে নগরের লালখান বাজারের বাঘঘোনায় যুবদল কর্মী স্বপনের পরিত্যক্ত বাসায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকে রক্তমাখা ছোরাটি পুলিশ উদ্ধার করে।
গত রোববার সকালে নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আবদুল কাইয়ুম। আহত হন কনস্টেবল আরিফুল ইসলাম, সাহাবউদ্দিন ও সালাউদ্দিন। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করে পুলিশ। গ্রেপ্তার হওয়া মিন্টু মামলার এজাহারভুক্ত আসামি।