হত্যার দায় স্বীকার করে একজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে চার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া জাকারিয়া হোসেন ওরফে জনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

একই দিন পুলিশ চার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকি ছয়জনকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

যাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তাঁরা হলেন: সুমন ওরফে সিএনজি সুমন, আবদুল মজিদ, অটোরিকশাচালক রফিকুল, সাহিদা বেগম, মুক্তা বেগম ও রানী বেগম। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল বিকেলে তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা ছয়জনকে রিমান্ড এবং একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার কেরানীগঞ্জের কদমপুরে একটি ছয়তলা ভবন থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জের সাজু আহমেদ, তাঁর স্ত্রী রনজি বেগম ও তাঁদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় বৃহস্পতিবার সাজুর বড় ভাই মো. বশির উদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এই হত্যার অভিযোগে উল্লিখিত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা নিয়ে গত কয়েক দিনে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন ছাপা হয়েছে।