হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড
পটুয়াখালীতে মোটরসাইকেলচালক ছালাম সিকদার হত্যা মামলায় আসাদুল মুন্সীকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার পটুয়াখালীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলমগীর কবির এ রায় দেন।
নিহত ছালাম সিকদারের (৩০) বাড়ি বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাঠা গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে যাত্রীবেশী ছিনতাইকারী আসাদুল সদর উপজেলার কালিচন্না গ্রামে যাওয়ার জন্য আমতলী স্ট্যান্ড থেকে মোটরসাইকেল ভাড়া করেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই ছিনতাইকারী কালিচন্না গ্রামের চৌকিদারবাড়ির দক্ষিণ পাশে বাঁধের রাস্তার ওপর সালামকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সালামের পেট, হাত ও পা মারাত্মক জখম হয়। ছালামের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আসাদুল পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ছালামকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরদিন নিহতের বাবা বারেক সিকদার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন সকালে আসাদুলকে পুলিশ গ্রেপ্তার করে।
১৪ ফেব্রুয়ারি আসাদুল পটুয়াখালীর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলামের আদালতে এ ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ তদন্ত শেষে ৩১ জুলাই আদালতে আসাদুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গতকাল আদালত ওই রায় দেন।