হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের বাদল সরদার (২৪) হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের শহীদ শিকদার, দুলাল শিকদার, বাদল শিকদার ও নিজাম শিকদার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সালাম সরদার, উত্তর ভিটাবাড়িয়া গ্রামের হারুন শিকদার ও মিনু সিকদার। এর মধ্যে নিজাম শিকদার পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর রাতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভিটাবাড়িয়া গ্রামের জালাল সরদারের ছেলে বাদল সরদারকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০০৩ সালে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের এক আদেশে মামলাটি বিচারের জন্য পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।