হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে বিএনপির নেতাসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন।

 দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য অহিদুজ্জামান (৫৫), মিলন শেখ (৪৫), ইব্রাহিম শেখ (৪০) ও হেলাল শেখ (৪০)। তাঁরা বাগেরহাট শহরের হাড়িখালী ও হরিণখানা এলাকার বাসিন্দা।

 অভিযোগ প্রমাণিত না হওয়ায় চ্যানেল টোয়েন্টিফোরের বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ও দুলাল আকন নামে অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়। আদালত দণ্ডিত ব্যক্তিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 সরকারি কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী জানান, ২০০৭ সালের ২৫ মে রাতে হরিণখানা এলাকার গাজী আবদুর রাজ্জাক ওরফে খোকনকে খুন করা হয়। পূর্বশত্রুতার জের ধরে আসামিরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত খোকনের ভাই লুৎফর রহমান গাজী ওই দিনই বাগেরহাট মডেল থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর ওই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।