হত্যার দায়ে নয় জনের যাবজ্জীবন
চট্টগ্রামের লোহাগাড়ায় যুবককে কুপিয়ে হত্যার দায়ে নারীসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মোমিনুল্লাহ গতকাল রোববার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডিত আসামিরা হলেন মোহাম্মদ এজাহার, আবদুস সাত্তার, মোহাম্মদ খোকন, আবদুস সবুর, মোহাম্মদ রফিক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বাদশা, আবদুল গফুর ও হালিমা খাতুন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ রফিক ও জসিম উদ্দিনকে বেকসুর খালাস দেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালের ৭ ডিসেম্বর দণ্ডিত আসামিরা লোহাগাড়ার বড় হাতিয়া এলাকায় মাদক বিক্রি করছিলেন। ওই সময় শহর মুল্লুক নামের এক যুবক মাদক বিক্রিতে বাধা দেন। এতে আসামিরা ক্ষুব্ধ হয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত শহর মুল্লুকের ভাই মো. মানিক ৯ ডিসেম্বর লোহাগাড়া থানায় হত্যা মামলা করেন। ২০০৯ সালের ২৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১০ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দণ্ডিত আসামিরা লোহাগাড়ার বড় হাতিয়া এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। শহর মুল্লুক বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। তিনি বলেন, ১৫ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও জরিমানা করেন। আসামিদের সবাইকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।