হত্যার দায়ে নয়জনের যাবজ্জীবন
কুষ্টিয়া সদর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে আদালত নয়জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহসিনুল হক গতকাল মঙ্গলবার এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের ইসলাম মণ্ডল, কলম সর্দ্দার, জুয়েল সর্দ্দার, জুলফিকার, হানু সর্দ্দার, আমিরুল, জাকির সর্দ্দার, মোতালেব ও মোহাম্মদ আলী। এঁদের মধ্যে আমিরুল পলাতক। সেকেন সর্দ্দার, জামাল সর্দ্দার ও হোসেন মণ্ডলকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, সদর উপজেলার বাড়াদি গ্রাম এলাকায় আসামিরা নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। একই গ্রামের পশ্চিমপাড়ার আবদুল ওহাব আলীর ছেলে জিয়া এসব ঘটনার প্রতিবাদ করেন। ২০১১ সালের ১ এপ্রিল রাতে জামাল সর্দ্দারের নেতৃত্বে অন্যরা জিয়ার বাড়িতে গিয়ে তাঁকে ডাকেন। জিয়া কিছু না বুঝে বাইরে বের হলে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। বাড়ির অদূরে মাঠের মধ্যে নিয়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে জিয়াকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
পরে জিয়ার মা ডালিম বেগমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জিয়াকে উদ্ধার করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় জিয়ার মা বাদী হয়ে ১২ জনের নামে মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তে প্রথমে নয়জনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ১২ জন আসামি নথিভুক্ত হয়ে বিচারকাজ শুরু হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম দুলাল। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন সুধীর কুমার শর্মা।