হত্যার দায়ে বাবা ও দুই ছেলের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানকে হত্যার দায়ে বাবা ও দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আজ বুধবার এ রায় প্রদান করেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের আবদুর রহিম ওরফে কাঁচা আবু (৫০) এবং তাঁর দুই ছেলে জুলহাস (৩২) ও মুখলেছ (৩০)। রায় ঘোষণার সময় তাঁরা তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মির্জাপুর গ্রামের সাইদুর রহমানের সঙ্গে  দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুর রহিম ওরফে কাঁচা আবু, তাঁর দুই ছেলে মুখলেছ ও জুলহাসের মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে সাইদুর রহমান খুন হন। এর পরদিন নিহতের বাবা মো. ফয়েজ উদ্দিন বাদী হয়ে এই তিনজনকে আসামি করে আটপাড়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ রায় হয়।