হত্যার দায়ে স্বামী-ভাশুর-ননদের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ আদেশ দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নিহত গৃহবধূর স্বামী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের খলিল মিয়া, তাঁর বড় ভাই আবদুল মিয়া ও ছোট বোন আনোয়ারা বেগম। ইব্রাহিম ছাড়া বাকি দুজন পলাতক। 

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ মে রাতে সুবর্ণচর উপজেলার দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে আয়েশা বেগমকে যৌতুকের জন্য তাঁর স্বামী ইব্রাহিম খলিল, ভাশুর আবদুল মিয়া ও ননদ আনোয়ারা বেগম বেদম মারধর করে হত্যা করেন। হত্যার পর আসামিরা আয়েশার লাশ বাড়ির পশ্চিম পাশের ধানখেতে ফেলে রাখেন।

পরে ভাশুর ও ননদ আয়েশার বাবার বাড়িতে গিয়ে আয়েশাকে পাওয়া যাচ্ছে না বলে জানান।

এ খবর পাওয়ার পরদিন ২৭ মে আয়েশার মা ছকিনা খাতুন মেয়েকে খুঁজতে মেয়ের স্বামীর বাড়ি যান। সেখানে না পেয়ে ফেরার পথে আয়েশার ননদের মেয়ে রজিনা তার মামির লাশ পাশের ধানখেতে পড়ে আছে বলে জানিয়ে দেয়। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মা ছকিনা খাতুন নিহত আয়েশার স্বামী ইব্রাহিম খলিলসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করে। পরবর্তী সময় আবদুল ও আনোয়ারা জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক।