হত্যার দায় স্বীকার আল-কায়েদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায় হত্যাকাণ্ড
অভিজিৎ রায় হত্যাকাণ্ড

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপের’ বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গতকাল রোববার এ খবর জানায়।
ওয়েবসাইটের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার জিহাদিদের ফোরামে একটি ভিডিও বার্তা প্রচার করে একিউআইএস। সেই ভিডিও বার্তায় একিউআইএসের প্রধান অসিম উমর দাবি করেন, তাঁর সংগঠনের সদস্যরাই অভিজিৎকে হত্যা করেছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানে অন্যান্য ‘ধর্ম অবমাননাকারীদের’ও হত্যার দায় স্বীকার করেন।
এদিকে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস একই ভিডিও বার্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, অভিজিৎ ছাড়াও বাংলাদেশি ব্লগার আহমেদ রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিকুল ইসলাম ও করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাকিল আউজকেও আল-কােয়দা হত্যা করেছে বলে অসিম উমর দাবি করেছেন।
অভিজিৎ, ব্লগার রাজীব ও ওয়াশিকুর রহমান হত্যার পেছনে আল-কায়েদার হাত ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ এএফপিকে বলেন, ‘এ বিষয়ে আমরা নিশ্চিত নই।’
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথের কাছে অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদও (বন্যা) আহত হন।
ঘটনার কয়েক ঘণ্টা পর ‘আনসার বাংলা সেভেন’ নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে অভিজিৎ হত্যার দায় স্বীকার করা হয়। তবে বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত এ দাবির বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এমনকি অভিজিৎ হত্যায় কারা জড়িত, তা-ও উদ্ঘাটন করতে পারেনি।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় একইভাবে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার রাজীবকে। পরে এ খুনের ঘটনায় সাতজন গ্রেপ্তার হয়। তারা সবাই জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁরা পরবর্তী সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। এদের বিরুদ্ধে বিচার চলছে।
রাজীব হত্যার এক বছর পর ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির কথিত এক ভিডিও বার্তায় আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস) কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।
‘দ্য ববস’ পুরস্কার পেলেন বন্যা: এ বছর জার্মানি গণমাধ্যম ডয়চে ভেলের ‘দ্য ববস-সেরা অনলাইন অ্যাক্টিভিজম’ পুরস্কার পেয়েছেন নিহত অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। মৌলবাদের বিরুদ্ধে অভিজিতের প্রতিষ্ঠিত মুক্তমনা ব্লগের অবস্থানের কারণে বন্যা এই পুরস্কারের জন্য নির্বাচিত হন।
শনিবার জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকে জুরিরা এ বছর এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার দেওয়া হবে৷