হত্যার দায় স্বীকার করে আসামিদের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি থানার জোড়া হত্যার ঘটনায় করা মামলার দুই আসামি হাসান হাওলাদার ও ইসমাইল হাওলাদার গতকাল বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইউসুফ হোসেনের আদালতে হত্যার দায় স্বীকার করে এ জবানবন্দি দেন।হাসান ও ইসমাইল বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া এলাকার দুই বন্ধু সুমন সরদার ও রহিম হাওলাদার হত্যা মামলার আসামি। গতকাল কালকিনি থানার পুলিশ তাঁদের আদালতে হাজির করে। এ সময় তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কালকিনি থানা সূত্রে জানা গেছে, আসামি হাসান ও ইসমাইলের বাড়িও আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া এলাকায়। গত রোববার তাঁরা কালকিনি যাওয়ার জন্য সুমনের মোটরসাইকেল ভাড়া করেন। একপর্যায়ে রহিমও তাঁদের সঙ্গে কালকিনি যাওয়ার জন্য মোটরসাইকেলে ওঠেন। কালকিনির দর্শনা গ্রামের দর্শনা আশ্রমের কাছে আসার পর তাঁরা সুমন ও রহিমকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যান। এ ঘটনায় সুমনের বাবা আক্কেল আলী সোমবার কালকিনি থানায় হাসান ও ইসমাইলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউজ্জামান জানান, মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে মঙ্গলবার রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের সবুজ তালুকদারের বাড়ি থেকে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।এসআই অলিউজ্জামান আরও জানান, সবুজের বাড়িতে মোটরসাইকেলটি রেখে মঙ্গলবার বিকেলে সৈকত-৮ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হাসান ও ইসমাইল। আচরণে সন্দেহ হওয়ায় ওই লঞ্চের শ্রমিক ও কর্মকর্তারা তাঁদের আটক করে বুধবার সকালে সদরঘাটে এনে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। পরে তাঁদের কালকিনি আনা হয়।