হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির ওরফে মুরাদ হত্যাকাণ্ডের ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আফছার উদ্দিন ওরফে রিয়াদ নামের এক আসামি। গতকাল মহানগর হাকিম নুরে আলম ভূঞার আদালতে তিনি এ জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, হত্যার দায় স্বীকার করে রিয়াদ নামের এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি রিয়াদ তাঁর জবানবন্দিতে স্বীকার করেন, ঠিকাদারি ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অংশ নেয় পাঁচজন। ১৫ দিন আগে এ হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া তাজুল, সোহেল ও মানিককে তিনি চেনেন। অপর ব্যক্তিকে তিনি চেনেন না। জবানবন্দিতে আসামি রিয়াদ আরও বলেন, ঘটনার সময় মুরাদ মোটরসাইকেল নিয়ে তাঁর বাসা নগরের আমবাগান এলাকায় পৌঁছালে দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল থামানো হয়। পরে মুরাদকে মানিক কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপায়। অন্যরা মারধর করে। পরে তারা চলে যায়।
গত সোমবার রাত পৌনে ১২টার দিকে খুলশী থানার আমবাগান রেলক্রসিং এলাকায় মুরাদকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন হত্যাকাণ্ডে ব্যবহূত কিরিচ ও রক্তমাখা শার্টসহ আসামি রিয়াদকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মুরাদ যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। রেলওয়ের দরপত্র নিয়ে দলীয় লোকজন ছাড়াও যুবদলের কয়েকজন কর্মীর সঙ্গে তাঁর বিরোধ ছিল।