হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যুবলীগের নেতা মেহেদি হাসান ওরফে বাদল হত্যা মামলার প্রধান আসামি গোলাম রসুল ওরফে সাদ্দাম (২৭) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে এই জবানবন্দি দেন।
গত সোমবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গোলাম রসুলকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, মেহেদি হত্যা মামলার আসামি গোলাম রসুল জবানবন্দিতে মেহেদিকে গুলি করার কথা স্বীকার করেছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জের ধরে কুদ্দুসের নেতৃত্বে মেহেদিকে গুলি করে হত্যা করা হয়। গোলাম রসুলকে অস্ত্রটি দিয়েছিলেন কুদ্দুস। জবানবন্দিতে গোলাম রসুল বলেছেন, খুন করার আগে তারা কয়েকজন তিন দলে ভাগ হয়ে মেহেদির বাড়ির আশপাশে অবস্থান নেয়। মেহেদি বাড়ির সামনে এলে তাঁকে তিনি প্রথমে সালাম দেন। মেহেদি মাথা নিচু করে চলে যেতে থাকেন। এ সময় পেছন থেকে মেহেদিকে গুলি করে দ্রুত পালিয়ে যান তিনি।
কুদ্দুস স্থানীয়ভাবে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
জবানবন্দি নেওয়ার পর গোলাম রসুলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদেও গোলাম রসুল মেহেদিকে গুলি করার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে কতজন অংশ নিয়েছেন, কার নির্দেশে এবং কেন হত্যা করা হয়েছে—সব উঠে এসেছে জবানবন্দিতে। তবে মামলার তদন্তের স্বার্থে জড়িত ব্যক্তিদের নাম বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, হত্যাকাণ্ডের পর গোলাম রসুল রাঙ্গুনিয়ায় আত্মগোপনে ছিলেন। পরে তিনি নোয়াখালী চলে যান। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাসা নগরের শেরশাহ এলাকায়।
গত বছরের ১ সেপ্টেম্বর রাতে নগরের বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে গুলিতে নিহত হন নগর যুবলীগের নেতা মেহেদি হাসান। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার কয়েক দিন পর নিহত ব্যক্তির স্ত্রী মোবাশ্বেরা বেগম ২২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই সময় মামলার বাদী সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, কুদ্দুস, শফি ও গোলাম রসুল তাঁর স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।