হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচার কাছ থেকে টাকা নিতে স্কুলপড়ুয়া চাচাতো ভাইকে খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে এ জবানবন্দি দেন আসামি হৃদয় আলী মল্লিক (২০)।
নিখোঁজ হওয়ার চার দিন পর ফিরোজ আলী মল্লিক (১৩) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ গত রোববার নগরের সাগরিকা এলাকার কাট্টলী খাল থেকে উদ্ধার করা হয়। ফিরোজ নগরের সাগরিকা এলাকার পি এইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় করা মামলায় তার চাচাতো ভাই হৃদয়কে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেলে তিনি আদালতে জবানবন্দি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, টাকার জন্য স্কুলপড়ুয়া চাচাতো ভাইকে খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, জবানবন্দিতে আসামি হৃদয় স্বীকার করেন, ব্যবসা করার জন্য তাঁর টাকার দরকার ছিল। চাচাতো ভাইকে খুন করে দুই লাখ টাকা আদায়ের পরিকল্পনা করেন হৃদয়। পরিকল্পনামতো ১০টি ঘুমের ওষুধ কিনে আনেন। চাচাতো ভাই হৃদয়কে অপহরণ করে কোথাও রাখার জায়গা না পেয়ে এবং ঝামেলা এড়াতে খুন করার পরিকল্পনা করেন। ৪ মে তাঁর চাচা ও চাচি কাজে চলে যাওয়ার পর কোমল পানীয়ের সঙ্গে চাচাতো ভাইকে ঘুমের ওষুধ খাওয়ান। সে অচেতন হয়ে গেলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ঘরের মধ্যে খুন করেন। পরে লাশটি বস্তাবন্দী করে ঘর থেকে দুই কিলোমিটার দূরে দক্ষিণ কাট্টলী খালে নিয়ে ফেলে দেন। কেউ যাতে সন্দেহ না করে, সে জন্য বস্তার মধ্যে আলু ও চাল ভরে রাখেন। নেওয়ার সময় রিকশাচালককে বলেন, এটি পচা আলুর বস্তা।
জবানবন্দিতে হৃদয় আরও বলেন, দুই দফায় মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে তাঁর চাচার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। কিন্তু টাকা পাননি। তাঁর চাচা জানতেন না মুক্তিপণ তিনিই দাবি করেছেন।
হৃদয় দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।