হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে কৃষক কোরবান আলী (৩৮) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত বুধবার বিকেলে তাঁরা বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট খন্দকার এ টি এম তোফায়েল আহম্মেদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামিরা হলেন নিহত কোরবানের স্ত্রীর বড় ভাই ময়মনসিংহের মুক্তাগাছার মোজাহাটি এলাকার রাজমিস্ত্রি আবদুল মজিদ (৩৮) ও মোজাহাটি নয়াপাড়া এলাকার কাঠমিস্ত্রি রাজু চন্দ্র দে (২৫)। গত মঙ্গলবার রাতে তাঁদের নিজবাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
শেরপুর থানার এসআই ফারুক হোসেন বলেন, আবদুল মজিদ আদালতে জবানবন্দিতে বলেছেন, তাঁর বোন আছিয়া বেগম ওমানে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। কোরবান প্রায়ই তাঁর বোনকে ফোনে গালিগালাজ করতেন। এমনকি তাঁর বৃদ্ধা মায়ের সঙ্গেও খারাপ আচরণ করতেন। গ্রামে কোরবানের পাকা ঘর তৈরি করার সময় তিনি রাজমিস্ত্রি হিসেবে ও রাজু কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেন। কিন্তু কোরবান তাঁদের মজুরির টাকা পরিশোধ করেননি। এ কারণে তিনি ও রাজু ১৪ ফেব্রুয়ারি শেরপুরের ছোনকা সরকারপাড়া গ্রামে কোরবানের ঘরে এসে শ্বাসরোধে হত্যা করেন।