হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন সাক্ষী
পটুয়াখালীর গলাচিপায় ফিরোজ হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী ফিরোজের বড় ভগ্নিপতি মো. কাওসার (২৫) ও তাঁর সহযোগী ফিরোজের প্রতিবেশী মো. নূরুল আমিন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে ওই দুই ব্যক্তি জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা ও গোপন সূত্রে পাওয়া তথ্য যাচাই করে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গলাচিপা সদর ইউনিয়নের চরখালী গ্রামের মো. শের আলী শেখের ছেলে মো. ফিরোজ শেখ (২২) গত ২১ নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন। ২৩ নভেম্বর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি ধানখেত থেকে পুলিশ ফিরোজের লাশ উদ্ধার করে। লাশের গলায় কাপড় পেঁচানো ও শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। এ ঘটনায় ২৩ নভেম্বর ফিরোজের মা ফুলভানু বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দিন জানান, মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, এমন সন্দেহে পাঁচ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তদন্তকালে সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করা হয়। পাশাপাশি গোপন সূত্রে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করে একপর্যায়ে নিশ্চিত হওয়া যায়, মো. কাওসার ও মো. নূরুল আমিন ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরপর গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা অপরাধ স্বীকার করেন। মামলাটির এজাহারে কাওসারকে একমাত্র সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, এমন সন্দেহে যে পাঁচ ব্যক্তির নাম উল্লেখ করা হয় তাতে নূরুল আমিনের নাম নেই। আদালত সূত্রে জানা গেছে, মো. নূরুল আমিন বৃহস্পতিবার বিকেলে এবং মো. কাওসার গতকাল শুক্রবার দুপুরে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামানের কাছে খুনের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ফিরোজ হত্যার ঘটনায় গত ২৪ নভেম্বর প্রথম আলোয় ‘গলাচিপায় তরুণের লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।