কুমিল্লার মেঘনা উপজেলায় জামেলা বেগমকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এই ঘটনায় হওয়া হত্যা মামলার দুই আসামি। গতকাল সোমবার তাঁরা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার জন্য তাঁরা জামেলাকে হত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন সন্ধ্যায় কুমিল্লার মেঘনা উপজেলার জলারপাড়নোয়াগাঁও গ্রামের আবদুল হাকিমের স্ত্রী জামেলা বেগম (৬৮) স্থানীয় মানিকারচর বাজারে পান কিনতে যান। ২৪ জুন গ্রামের একটি মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২৫ জুন আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় হত্যা মামলা করেন। ওই মামলার দুই আসামি উপজেলার মানিকারচর গ্রামের আবদুল মালেকের ছেলে তৌচির মিয়াকে (৩৫) গতকাল রোববার রাতে এবং শিকিরগাঁও গ্রামের দৌলত মিয়ার ছেলে সুমন মিয়াকে (২৫) শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁরা আদালতে জবানবন্দি দেন।
এ বিষয়ে মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা অসীম কুমার ধর জানান, গতকাল কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম বিপ্লব দেবনাথের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তৌচির ও সুমন মিয়া।
অসীম কুমার ধরের ভাষ্যমতে, জামেলা বেগম গত ২০ জুন ইফতারের আগে মানিকারচর বাজার থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামি সুমন, তৌচির ও তাঁদের কয়েকজন বন্ধু জলারপাড়নোয়াগাঁও গ্রামের মহরম আলীর বাগানবাড়িতে গাঁজা সেবন করছিলেন। এ সময় তাঁরা জামেলাকে সেখান দিয়ে যেতে দেখে তাঁর কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। সে অনুযায়ী তাঁরা তাঁর কাছ থেকে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় জামেলা চিৎকার শুরু করলে তাঁরা তাঁর মুখ চেপে ধরে পাশের একটি জমিতে নিয়ে যান। সেখানে তাঁরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।
মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার সুমন ও তৌচিরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।