কুড়িগ্রামে বন্ধুদের হাতে খুন হওয়া আলিফ আহম্মেদের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা বেগম ও তাঁর ছেলে। গত শুক্রবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাইনুদ্দিন তাঁদের ওই জবানবন্দি গ্রহণ করেন।
এদিকে আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছে এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলিফের বাবা সুলতান আহম্মেদ বাদী হয়ে গত শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কুড়িগ্রাম সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা বেগম ও তাঁর ছেলে এবং ছেলের বন্ধুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ওই মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত মোর্শেদা বেগম ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করে।
জবানবন্দিতে মোর্শেদার ছেলে বলে, ২০ ডিসেম্বর দুপুরে নাগেশ্বরী উপজেলার আটাশি ঘাট এলাকা থেকে তার এক বন্ধু জ্যাকেট কিনবে বলে শহরে তাদের বাড়িতে আসে। রাতে তারা পরিকল্পনা করে ব্যবসায়ীর ছেলে আলিফকে আটক করে টাকা আদায় করবে। এরপর ওই টাকা দিয়ে তারা কেনাকাটা করবে। ২১ ডিসেম্বর সকালে সে অনুযায়ী আলিফকে বাসায় ডেকে আনা হয়। এ সময় তার মা হাসপাতালে কাজের জন্য চলে যান। সে ও তার বন্ধু এ সময় আলিফকে আটক করে তার কাছে টাকা দাবি করে। আলিফ তাদের টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। পরে ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে তারা আলিফের গলায় মাফলার আটকে শ্বাসরোধে হত্যা করে। এরপর বাড়ির পেছনে সেপটিক ট্যাংকে লাশটি ফেলে দেয়। দুপুরে তার মা হাসপাতাল থেকে বাড়ি ফিরলে সে পুরো ঘটনা জানায়। তিনি (মোর্শেদা) তাকে ঘটনাটি গোপন করতে বলেন। এরপর সে ফুলবাড়ী উপজেলার কাশীপুর এলাকায় পালিয়ে যায়।
মোর্শেদা বেগম জবানবন্দিতে বলেন, তারা পুলিশের কাছে আত্মসমর্পণের পরিকল্পনা করছিলেন। কিন্তু সময়ের অভাবে তা করা হয়নি।
এদিকে শুক্রবার আলিফের জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। এ সময় শহরের কেন্দ্রীয় মসজিদের পাশে এনআর প্লাজার সামনে সড়কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদের গাড়ি যাচ্ছিল। বিক্ষুব্ধ জনতার হামলায় তাঁর গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে বক্তব্য দেন নিহত আলিফের আত্মীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বদরুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুল (পিপি) আব্রাহাম লিংকন প্রমুখ। বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে জানাজা অনুষ্ঠিত হয়।
সদর থানার ওসি মোর্শেদুল করিম মোহাম্মদ এতেশাম বলেন, মোর্শেদার ছেলেকে কিশোর উন্নয়ন কেন্দ্র পুলেরহাট যশোরে এবং মোর্শেদাকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে ধরার চেষ্টা অব্যাহত আছে।