হত্যার দায়ে এক আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোহাগপুরপাড়া দেওলী গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনকে হত্যার দায়ে একই গ্রামের আবদুল সাহেদের ছেলে বাবুলকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই গ্রামের আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার এ রায় দেন।
যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন সাহেদ, রতন ও ফারুক। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই ঘটনায় বাহার উদ্দিনকে গুরুতর আহত করায় একই গ্রামের কাদির (১৮) ও সুলতানকে (২০) তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তোফাজ্জলের সঙ্গে জমি বর্গা চাষ নিয়ে একই গ্রামের বাবুলদের বিরোধ চলছিল। ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি তোফাজ্জল বিরোধপূর্ণ জমিতে ছয়জনকে নিয়ে কুচরিপানা পরিষ্কার করতে যান। এ সময় আসামিরা তাঁদের ঘেরাও করে আক্রমণ চালান। এতে তোফাজ্জল ও বাহার গুরুতর আহত হন। পরে হাসপাতালে তোফাজ্জল মারা যান।