হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে পিটিয়ে হত্যার দায়ে মো. রাসেল (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।

রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাসেল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গোলচালা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে শ্রীপুরের ভেরামতলী পাগলার বাজারে রাসেলের নেতৃত্বে কয়েকজন একই এলাকার মেছের আলীকে (৪৫) পিটিয়ে আহত করেন। তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর রাত সোয়া নয়টার দিকে তিনি মারা যান।
ওই ঘটনায় নিহত মেছের আলীর ছেলে জমির উদ্দিন বাদী হয়ে রাসেলসহ চারজনের নামে এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। পুলিশ মামলায় রাসেলকে গ্রেপ্তার করে। পরে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক তদন্ত শেষে রাসেলকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।