হত্যার দায়ে একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও সাহাপাড়া এলাকার মুঠোফোন ব্যবসায়ী জাকির হোসেনকে হত্যার দায়ে একই পরিবারের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম গতকাল সোমবার দুপুরে ওই রায় দেন। কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহাপাড়া এলাকার বাবুল সাহা (৫৫), তাঁর স্ত্রী গীতা রানী সাহা (৪৫) এবং তাঁদের তিন ছেলে মিঠুন (২৩), টুটুল (২৬) ও শিমুল সাহা (১৯)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ নভেম্বর রাত আটটার দিকে লাকসাম বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। পথে সাহাপাড়া এলাকায় পৌঁছালে টাকা লেনদেন ও পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দা ও রামদা দিয়ে জাকিরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন সকালে জাকির হোসেনের বড় ভাই এরশাদ হোসেন বাদী হয়ে লাকসাম থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় বাবুল, গীতা রানী, মিঠুন, টুটুল, শিমুল সাহাসহ একই এলাকার মরণ, অনুপম ও জয়দেব সাহাকে আসামি করা হয়। ২০১১ সালের ৮ মার্চ তদন্ত কর্মকর্তা লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার আসামি মরণ, অনুপম ও জয়দেবকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। দীর্ঘ সময় আদালতে এ মামলার শুনানি হয়। এতে ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবু তাহের এবং আসামিপক্ষের মাসুদ সালাউদ্দিন।