হত্যার দায়ে একজনের ফাঁসি, পাঁচজনের যাবজ্জীবন
নেত্রকোনা সদর উপজেলার সুফিয়া আক্তার (৩৮) হত্যা মামলায় একজনকে ফাঁসি এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল সোমবার এ রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবুল (৩৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পূর্বধলা উপজেলার হাসেম এবং সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের সাইকুল, হাবুল, আমজত আলী ও ওয়াহেদ আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, এক দশক আগে আবুল একজন জীবিত মানুষকে কাফনের কাপড় পরিয়ে সুফিয়ার বাড়িতে হাজির হয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাঁর বাড়িতে ‘লাশ’টি রেখে যাবেন বলে আবুল হুমকি দেন। পরে সুফিয়া চার হাজার টাকা দিলে কাফনের কাপড়ের ভেতর থেকে জীবিত মানুষ বের হয়। এরপর ২০০৪ সালের ১০ জানুয়ারি রাতে আবুলের নেতৃত্বে ওই আসামিরা সুফিয়ার বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সুফিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় সুফিয়ার স্বামী মো. লতিফ ১১ জানুয়ারি সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৭ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এ রায় দেন।