হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে খুনের দায়ে রাধাশ্যাম হরিধন জমাদার (৫৫) নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে ২০১৩ সালের ২৭ জুলাই হাজীগঞ্জের রজনীগন্ধা মার্কেটের সামনে অশোক কুমার হরিধন ও তাঁর ভাই নন্দকিশোর হরিধনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অশোক কুমার মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বিজয় হরিধন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য চাঁদপুর আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

নিহতের ভাই নন্দকিশোরকে হত্যাচেষ্টার অভিযোগে রাধাশ্যামকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়েছেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী বিজয় হরিধন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে আশাবাদী তিনি।