হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজারে বাবা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মেয়েকে। সাতক্ষীরায় গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বাবা ও দুই ছেলেকে। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:বগুড়া: ২০০৬ সালের ২৩ এপ্রিল কথাকাটাকাটির একপর্যায়ে কাহালু উপজেলার বীরকেদার সরদারপাড়ার আলাউদ্দিন ওরফে আলো তাঁর স্ত্রী হেলেনা খাতুনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় হেলেনাকে দুপচাঁচিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা আলাউদ্দিন ওরফে আলোকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।কক্সবাজার: ২০০৪ সালের ১৫ এপ্রিল বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় বাবা খলিলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে ফারহানা ইয়াছমিন মেরি। এ ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ গত মঙ্গলবার মেরিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম করাদণ্ডের আদেশ দেন। সাতক্ষীরা: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিঃসন্তান গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা ও তাঁর দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নং আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আজাদ এ রায় দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলা সদরের আলীপুর গাজীপাড়ার আবদুল খালেক গাজী (৫০), তাঁর দুই ছেলে উজ্জ্বল হোসেন (২২) ও আফজাল হোসেন।