হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে গতকাল মঙ্গলবার মনিরুল ইসলাম (৩৭) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। একই দিন বগুড়ায় হত্যার দায়ে স্ত্রী সাবিনা ইয়াসমিনসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মনিরুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল বারী ওই আদেশ দেন। মনিরুল উপজেলার চৈতন্যপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ১ মার্চ রাতে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে স্ত্রী চম্পা বেগমের (৩০) সঙ্গে মনিরুলের ঝগড়া হয়। একপর্যায়ে চম্পাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন চম্পা বেগমের মা আনারকলি বেগম আটজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ সরকার ২০১১ সালের ১৭ এপ্রিল মনিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। গতকাল আদালত তাঁকে সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
সাবিনার বিরুদ্ধে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নন্দীগ্রামের মাজগ্রামের সোলায়মান আলীর ছেলে মুরগির খামারি রুহুল আমিন ২০০৯ সালের ২১ অক্টোবর খুন হন। পরদিন তাঁর ভাই আবদুল হাকিম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রুহুল আমিনের স্ত্রী সাবিনা এবং একই উপজেলার কাথম গ্রামের আরিফুল ইসলাম (২৫) ও তাঁর বন্ধু কাহালু উপজেলার চান্দাই গ্রামের জাকারিয়াকে (২৮) গ্রেপ্তার করে।
আসামিরা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আরিফুলের সঙ্গে সাবিনার পরকীয়ার জের ধরে রুহুল আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জবানবন্দি ও মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল রায় দেন। এতে যাবজ্জীবন ছাড়াও আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রেজাউল হক ও নাসিমুল করিম। আসামিপক্ষে ছিলেন আবদুল বাসেদ ও শান্ত রানী।