হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি দোকানে হানা দিয়ে চার ব্যক্তিকে খুনের দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আবদুস সালাম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার নয়জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গিয়াসউদ্দিন ওরফে গেসু, জসিম ওরফে মুর্শিদ, সবুজ ওরফে উষ্ঠা ও কালাম ওরফে কানাই। তাঁদের মধ্যে গিয়াসউদ্দিন ও জসিম জেলহাজতে রয়েছেন। অন্য দুজন পলাতক। তাঁদের বাড়ি জেলার কটিয়াদী উপজেলায়।মামলার বিবরণে জানা গেছে, ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে কটিয়াদী উপজেলার পশ্চিম বাজারের একটি তেল ও সার বিক্রির দোকানের টিনের বেড়া কেটে একদল দুর্বৃত্ত ভেতরে ঢোকে। তারা ওই দোকানের তিন কর্মচারী ধীরেন্দ্র নাথ সাহা (৬০), শংকর চন্দ্র সাহা (৩৫), শুকলাল সাহা (৬০) ও ট্রাক-চালকের সহকারী বিজয় চক্রবর্তীকে (৩২) ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ও সিন্দুক ভেঙে ৭৫ হাজার টাকা লুট করে।ওই ঘটনার পরদিন দোকানের মালিক প্রিয়লাল রায় বাদী হয়ে কটিয়াদী থানায় অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। একই বছরের ১৮ এপ্রিল মামলাটি পুলিশের অপরাধ তদন্ত শাখায় (সিআইডি) পাঠানো হয়। সিআইডি ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান তালুকদার তদন্ত শেষে ২০০৪ সালের ১৬ অক্টোবর ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেন।