হত্যার দায়ে ছয়জনের ফাঁসি
নয় বছর আগে গাজীপুরে এক কিশোর হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ায় ধর্ষণের পর শিশু হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের ওই কিশোরের নাম মহিউদ্দিন (১৫)। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া গতকাল বুধবার দুপুরে ওই আদেশ দেন। রায়ে দণ্ড পাওয়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার শামীম হোসেন, নূরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শফিকুল ও মো. বাবু। তাঁরা সবাই সমবয়সী, বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন ও মো. বাবু কাঠগড়ায় উপস্থিত থাকলেও অপর তিনজন পলাতক রয়েছেন। ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন নতুন পাওয়া মুঠোফোন সেট নিয়েবাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ায় মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম জাহিদ মণ্ডল (৩৫)। দেড় বছর আগে ধর্ষণের পর ঈশিতা খাতুন (৭) নামে এক শিশুকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যায় ঈশিতা। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মাঠে খুঁজতে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় যদুবয়রা গ্রামের শওকত মণ্ডলের জমিতে ঈশিতার লাশ পাওয়া যায়।