হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন
রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার অপর ১০ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামের সেলিম হোসেন, মিজান আলী, রায়হান আলী, রেজাউল ইসলাম, হুমায়ন ও আইনাল হক। তিন বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম, মাজাহার আলী, আজাদ আলী, তাজেল আলী, আক্কাস আলী, সোহরাওয়ার্দী, স্বাধীন, গাজলু, আবুল হোসেন ও মাসাদুল হক। এ ছাড়া অপর একটি ধারায় সব আসামির দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।