হত্যার দায়ে তরুণের মৃত্যুদণ্ড
চাঁদপুরে মনির হোসেন (২৬) নামের এক তরুণকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ গতকাল সোমবার দুপুরে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাধন হোসেন কাজী (২৮) হাজীগঞ্জ উপজেলার কাঠালী (দীঘিরপাড়) বেপারীবাড়ির মৃত বেনু কাজীর ছেলে। হত্যাকাণ্ডের শিকার মনির হোসেন পাশের শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারীবাড়ির মৃত নুর মিয়া বেপারীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মনির ও সাধন পূর্বপরিচিত। ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে চিতোষী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার পথে আসামি সাধন মনিরকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান। ওই সময় চাঁদপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) অজ্ঞাতনামা হিসেবে মনির হোসেনের লাশ স্থানীয় একটি কবরস্থানে দাফন করে। ঘটনার এক মাস পর মনিরের বড় ভাই আমির হোসেন চাঁদপুর জিআরপি থানায় এসে ছবি দেখে মনিরকে শনাক্ত করেন। এ ঘটনায় ২৬ মে আমির হোসেন চাঁদপুর জিআরপি থানায় সাধনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।