হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার মাচেহালা গ্রামের কাজল চন্দ্র সরকারকে হত্যার দায়ে একই গ্রামের রূপন চন্দ্রকে (১৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷ একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷ নেত্রকোনা জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন৷
দণ্ডপ্রাপ্ত আসামি রূপন চন্দ্র মাচেহালা গ্রামের স্বপন চন্দ্র চক্রবর্তীর ছেলে৷ তিনি পলাতক রয়েছেন৷ গতকাল তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছে৷ অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি রূপনের বাবা স্বপন এবং তাঁর ভাই স্বদেশ ও সুভাষকে বেকসুর খালাস দিয়েছেন আদালত৷
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, মাচেহালা গ্রামের সজলের সঙ্গে একই গ্রামের স্বপন চন্দ্রের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি স্বপন প্রতিবেশী আছাব উদ্দিনকে নিয়ে সজলদের বাঁশঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে আসেন। কিছুক্ষণ পর সজলের ছোট ভাই কাজল (৩৫) ও উজ্জ্বল স্বপন চক্রবর্তীর বাড়িতে গিয়ে বাঁশ কাটার কারণ জিজ্ঞাসা করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল ও উজ্জ্বল কাটা বাঁশটি তাঁদের বাড়িতে নিয়ে আসেন। পরে স্বপন এবং তাঁর তিন ছেলে রূপন, স্বদেশ ও সুভাষ সজলদের বাড়িতে যান৷ এ সময় রূপন কাজলের গলার বাম পাশে রামদা দিয়ে কোপ দেন। আশঙ্কাজনক অবস্থায় কাজলকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাজলের বড় ভাই সজল চন্দ্র সরকার ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি স্বপন ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন।