হত্যার দায়ে তিন জেলায় ছয়জনের মৃত্যুদণ্ড
বরগুনায় ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া রংপুরে শিশুসন্তানকে হত্যার দায়ে এক মাকে এবং লক্ষ্মীপুরে ভাবিকে হত্যার দায়ে দেবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতে গতকাল বুধবার দুপুরে ওই রায় দেন সংশ্লিষ্ট জেলা আদালত।
সংশ্লিষ্ট জেলা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহা. আবু তাহের আমতলী উপজেলার নয়া মিয়া হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার চলাভাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম, বারেক চৌকিদার, বশির মাতুব্বর ও চিলা গ্রামের মোয়াজ্জেম হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন চলাভাঙ্গা গ্রামের আবদুর রব চৌকিদার ও মো. মজিবর। রায়ে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডেরও আদেশ দেন বিচারক।
এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী নয়া মিয়া ফরাজীকে ২০১২ সালের ১০ এপ্রিল নির্যাতন চালিয়ে হত্যা করেন সাজাপ্রাপ্ত আসামিরা। ১১ এপ্রিল নয়া মিয়ার ছেলে নাসির উদ্দীন বাদী হয়ে আমতলী থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
রংপুর: নিজের শিশুসন্তানকে গলা টিপে হত্যার দায়ে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামি রাহেলা খাতুনকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এজাহারের বরাত দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে রাহেলা খাতুন এক বছর বয়সী মেয়ে লাকীকে নিয়ে ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব সরকারপাড়া এলাকায় বাবার বাড়িতে চলে যান। ওই রাতেই লাকীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন রাহেলা। লাকীর বাবা লাবলু মিয়া ওই বছরের ১ অক্টোবর রাহেলাকে আসামি করে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা করেন।
লক্ষ্মীপুর: সদর উপজেলার লামচরী গ্রামের গৃহবধূ সুলতানা বেগমকে হত্যার দায়ে তাঁর দেবর মো. বেলালকে মৃত্যুদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ নভেম্বর সদর উপজেলার আবিরনগর গ্রামের হারুনুর রশিদের মেয়ে সুলতানা বেগমকে লামচরী গ্রামের শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হারুনুর রশিদ বাদী হয়ে সুলতানার স্বামী মনির হোসেন, দেবর বেলালসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। খালাস পাওয়া আসামিরা হলেন সুলতানার স্বামী মনির হোসেন, শাশুড়ি সুফিয়া বেগম, ননদ শিল্পী বেগম ও দেবর রুবেল হোসেন।