হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে একজন কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবদুর রউফের ছেলে মো. রইচ উদ্দীন (৩১), আজুগড়া গ্রামের আবু মিয়ার ছেলে হাফিজুল ইসলাম (৩৩), কুড়িগ্রামের উলিপুরের পোড়ার চর এলাকার আবদুল কাদেরের ছেলে মাহবুব হোসেন (৩২)।

আদালতের অতিরিক্ত পাবলিক কৌঁসুলি মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালের ৭ জানুয়ারি এনায়েতপুর থানার সাইন দাইর বিল থেকে নূর ইসলাম নামের একজন কাঠমিস্ত্রির মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকালে থানা-পুলিশ রইচ উদ্দীনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে। পরে রইচ পুলিশের কাজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্যমতে থানা-পুলিশ সাজাপ্রাপ্ত তিনজনের নামে অভিযোগপত্র দাখিল করে। আজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।