হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। একই মামলার অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন তিনি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: জেলার কচুয়া উপজেলার বাঁধাল নিকারীপাড়া গ্রামের সেরজন আলী সরদারের দুই ছেলে আক্কাস আলী সরদার ও আশ্রাব আলী সরদার। এক বছর করে কারাদণ্ডপ্রাপ্ত চারজন হলেন, সেরজন আলী সরদারের আরেক ছেলে নুরুল ইসলাম, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আক্কাস আলীর স্ত্রী রহিমা বেগম, আশ্রাব আলীর ছেলে কামরুল আলী ও কামরুলের স্ত্রী কামরুন্নেছা। সাজাপ্রাপ্ত আসামিদের সবাই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত ওই আসামিদের সঙ্গে একই গ্রামের শাজাহান হাওলাদার নামের এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল। ২০০২ সালের ২০ ডিসেম্বর সকালে আসামিরা বিরোধপূর্ণ ওই জমির গাছের ডাল কাটতে যান। এ সময় শাজাহান হাওলাদারের বাবা ইছুব আলী হাওলাদার তাঁদের বাধা দেন। একপর্যায়ে আসামিরা সাবল, লোহার রড এবং লাঠি দিয়ে পিটিয়ে ইছুব আলীকে হত্যা করেন। এ ঘটনায় ইছুব আলীর ছেলে শাজাহান বাদী হয়ে আটজনকে আসামি করে ওই দিন কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন।