হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন
খুলনার দীঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের পিকু শেখ (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা করার অপরাধে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।গত বুধবার বিকেলে খুলনার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আখতার হোসেন এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ইদ্রিস শেখ ও তাঁর ভাই আকবর শেখ।আদলত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৩ ডিসেম্বর ওই গ্রামের পিকু শেখ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ১৮ ডিসেম্বর তেরখাদা উপজেলার কোলা বিল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ২১ ডিসেম্বর পিকু শেখের ভাই বাদী হয়ে বক্কার শেখ ও তাঁর পাঁচ ছেলের বিরুদ্ধে দিঘলিয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ ২০০১ সালের ১০ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বক্কার শেখের দুই ছেলে ইদ্রিস শেখ ও আকবর শেখকে আদালত যাবজ্জীবনের আদেশ দেন। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।