হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিংকন নামের এক তরুণকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুজন হলেন সোহাগ হাওলাদার ও আতাবুর রহমান।

মামলার নথি থেকে জানা যায়, একটি মোটরসাইকেল চুরির উদ্দেশে লিংকনকে কৌশলে অপহরণের পর নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করা হয়। এই হত্যার দায় স্বীকার করে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৩ সালের ২৫ জুন লিংকনকে হত্যার পরের দিন তাঁর বাবা মোজাম্মেল খান বাদী হয়ে শরীয়তপুরের পালং থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনার তদন্ত শেষে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালতে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই মামলার আরেক আসামি বাবলুও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু বাবুলের পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় তাঁকে শাস্তি দেওয়া যায়নি। এ জন্য মামলার তদন্ত কর্মকর্তা পালং থানার তৎকালীন উপপরিদর্শক সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আসামি বাবুলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে রায়ের একটি কপি পুলিশের মহাপরিদর্শক বরাবরও পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।