হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আবদুস সোবহান (১৩) হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।
২০০৯ সালের ২৪ জুলাই গোয়াইনঘাট উপজেলার গুরুগাছি বাজারে একটি দোকান নির্মাণের জন্য যান ওই গ্রামের আবদুল মান্নান ও তাঁর আত্মীয়স্বজন। এ সময় দ্বারীখাই গ্রামের জালাল উদ্দিন ও নিজধর গ্রামের নূর মিয়াসহ তাঁর লোকজন মান্নানদের ওপর হামলা চালায়। এতে মান্নানের ভাই আবদুস সোবহান (১৩) মারা যায়। গতকাল আদালত জালাল উদ্দিন ও নূর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। নূর মিয়া পলাতক আছেন। অন্য আসামি আসাব আলী, তাজুল ইসলাম, হাছন আলী, বিল্লাল উদ্দিন, কলিম উল্লা, আতর আলী ও সুরুজ আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাজুল পলাতক।