হত্যার দায়ে পাঁচ ভাইবোনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৃষক আখতার আলী হত্যা মামলায় পাঁচ ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মৃত আবদুল মন্নাফের মেয়ে তাহমিনা (৩০), ছেলে দুলাল (২৬), হায়দার (১৮), চাঁন মিয়া (১৯) ও রায়হান (২৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাঁও গ্রামের আখতার আলীর (৩০) সঙ্গে তাঁর প্রতিবেশী আবদুস সালামের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আসামিরা তাঁদের আত্মীয় আবদুস সালামের পক্ষ নিয়ে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর সকাল সাতটার দিকে আখতার আলীর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করেন।