হত্যার দায়ে ভাশুরের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ভাইয়ের বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্ত্রী শিল্পী আকতারকে হত্যার দায়ে ভাশুর শরীফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি শরীফ কাঠগড়ায় ছিলেন। মামলার বিবরণে জানা যায় হয়, ২০১৪ সালের ৭ জুন সাভারের যাদুরচর হেমায়েতপুরের নিজের বাসায় ঢুকে ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী ও নিজের স্ত্রী শিলা আকতারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন শরীফ। শিল্পী মারা গেলেও বেঁচে যান শিলা। আহত শিলা নিজেও বাক প্রতিবন্ধী। এ ঘটনায় নিহত নিহতের মা সমিরন বেগম সাভার থানায় একটি মামলা করেন। ওই বছরের ২৮ আগস্ট শরীফকে আসামি করে অভিযোগপত্র দেয়।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, নিহত শিল্পী আকতার বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এই হত্যার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন নিহত শিল্পীর ছোট বোন শিলা আকতার ও শিল্পীর মেয়ে তানিয়া। শিলা নিজেও প্রতিবন্ধী। তাঁকেও হত্যার চেষ্টা করা হয়। আসামি শরীফ আদালতে জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। এই মামলায় আসামির বিরুদ্ধে ১৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির প্রতি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। তাই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো।