হত্যার দায়ে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবি ও পুত্রবধূকে হত্যার দায়ে গোবিন্দ চন্দ্র কবিরাজ (৫৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গোবিন্দ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের পাঁচালিয়া গ্রামের বাসিন্দা। শরীয়তপুর জেলা ও দায়রা জজ আতাউর রহমান গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ২৮ জুলাই ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামের রানি বালা ও অর্চনা কবিরাজকে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গোবিন্দকে আটক করে। রানি বালা গোবিন্দ কবিরাজের ভাইয়ের স্ত্রী। আর অর্চনা কবিরাজ তাঁর পুত্রবধূ। হত্যাকাণ্ডের ঘটনায় রানি বালার স্বামী লাল মোহন কবিরাজ বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় গোবিন্দ কবিরাজকে।